রাজধানী ডেস্ক: রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ৬০ বছর বয়সি এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকার একটি গলিতে এই দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালক সুলতান বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুলিশ কর্মকর্তা ছিবগাত উল্লাহর গাড়ি এবং দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্টনের ওই গলিতে ছিবগাত উল্লাহর ছেলের এক বন্ধুর বাড়ি রয়েছে এবং সেই সুবাদে সেখানে তাদের নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার সময় গাড়িটি পার্কিংয়ের উদ্দেশ্যে পেছনের দিকে ঢাল বেয়ে ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুলিশের প্রাথমিক ধারণা, চালক পেছনের সুইচের পরিবর্তে ভুলবশত সামনের সুইচে চাপ দিয়ে এক্সেলেটরে চাপ দিলে গাড়িটি সজোরে রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সুলতান মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে কে ছিলেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন তৈরি হলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে কাউকে পায়নি। পুলিশের ধারণা, ঘটনার পর চালক বা ওই কর্মকর্তার ছেলে গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির ভেতরে চলে যান। তবে গাড়িটির নিয়মিত চালক আল আমিনই গাড়িটি চালাচ্ছিলেন বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ছিবগাত উল্লাহ।
অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ছিবগাত উল্লাহ দাবি করেছেন যে তার ছেলে ওই সময় গাড়িতে ছিলেন না এবং নিয়মিত চালকই গাড়ি পার্ক করছিলেন। তিনি আরও জানান, তিনি নিজে পল্টন থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মানবিক কারণে আহত রিকশাচালকের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করছেন। বর্তমানে আহত সুলতান শঙ্কামুক্ত আছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
পল্টন থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। তবে আহত রিকশাচালকের সুচিকিৎসা সম্পন্ন হওয়ার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।




































