আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ১০৫ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো নারী ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে এই রেকর্ড গড়েছেন নাশরা নাঈম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নাশরা নাঈম মোট ৭০৯১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আলি খানকে পরাজিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৮১৮ ভোট। এছাড়া ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে মোহাম্মদ নোমান আশরাফ এবং সেক্রেটারি পদে মোহাম্মদ হামদান জয়লাভ করেছেন। কার্যনির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টিতেই নারী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
দীর্ঘ আট বছরের ব্যবধানে এবং তিন বছর ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান, এবারের নির্বাচনে ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে মুসলমানদের স্বার্থ ও ব্যাপক জাতীয় ইস্যুগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে স্বাগত জানিয়ে একে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের মহাবিজয় বলে অভিহিত করেছেন উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি ছাত্র সংসদে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং জোরালো প্রতিনিধিত্বকে বিশেষভাবে সাধুবাদ জানান। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে নারী ক্ষমতায়নের এক নতুন অধ্যায়ের সূচনা হলো।




































