অপরাধ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির মামলায় রিমান্ড শেষে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন এবং জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। এর আগে গত শুক্রবার আসামিদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
ঘটনার বিবরণী অনুযায়ী, আগারগাঁও এলাকায় অবস্থিত কর অঞ্চল-২০ এর কার্যালয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই চলছিল। এ সময় যোগদানপত্র নিতে আসা আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার ছবির মিল পাওয়া যায়নি এবং তার হাতের লেখাও অমিল ছিল। অন্যদিকে, মোখিক ও লিখিত পরীক্ষা অন্য কেউ দিলেও যোগদানপত্র নিতে আসার সময় আরেক ব্যক্তির সঙ্গে গড়মিল ধরা পড়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত উভয় আসামিই জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন। তারা জানান যে, গত ৯ অক্টোবর লিখিত এবং ১৯ অক্টোবর মৌখিক পরীক্ষায় তারা নিজেরা অংশ নেননি। অজ্ঞাতনামা ব্যক্তিদের প্রক্সি হিসেবে ব্যবহার করে তারা নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন।
এই ঘটনায় কর অঞ্চল-২০ এর উপ কর কমিশনার নিপু চন্দ্র দে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।





































