অর্থনীতি ডেস্ক: দেশের সীমানা পেরিয়ে বিশ্বমানের উৎপাদনে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ সিমেন্ট। মুন্সিগঞ্জ কারখানায় বিশ্বের সর্ববৃহৎ ভার্টিকাল রোলার মিল বা ভিআরএম স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ডেনমার্কের বিখ্যাত প্রতিষ্ঠান এফএলস্মিথ এই বিশাল প্রযুক্তি স্থাপনে কাজ করেছে। উৎপাদনে আসার পর ২০১৯ সালে এই রেকর্ড অর্জিত হয় এবং আজও সেই গৌরব বজায় রয়েছে।
এই ভিআরএম প্রতিদিন ১৫ হাজার টন এবং বছরে ৫৪ লাখ টন সিমেন্ট উৎপাদনে সক্ষম। বিশ্বের আর কোনো একক স্থাপনায় এত বিপুল পরিমাণ সিমেন্ট উৎপাদনের ক্ষমতা নেই। উৎপাদনের গুণগত মান বজায় রাখতে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইন্টেলিজেন্ট মনিটরিং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে মিলটি নিজে থেকেই যেকোনো সমস্যার বেশিরভাগ সমাধান করতে পারে।
দেশের মেগা প্রকল্প থেকে শুরু করে ব্যক্তিগত বাড়ি নির্মাণে এই উন্নত সিমেন্টের চাহিদা রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্পের নির্মাণকাজে এই সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। এছাড়া ২০০৩ সাল থেকে দীর্ঘ সময় ধরে বুয়েট টেস্টে ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে ব্র্যান্ডটি। মাল্টি কম্পার্টমেন্ট সাইলোর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট কম্পোজিশনের সিমেন্ট উৎপাদন করা সম্ভব হয়।
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। আবুল খায়ের গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। উন্নত প্রকৌশল ও সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠানটি দেশ গড়ার মহাযজ্ঞে অংশ নিচ্ছে।





































