ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদানের দায়িত্ব পালন করছেন মাত্র পাঁচজন শিক্ষক। অথচ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষিকার অনুমোদিত ১৮টি পদ রয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিষয়ের শিক্ষক না থাকায় ছাত্রীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ মোট ১২টি শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। বর্তমানে কর্মরতদের মধ্যে কোনো নারী শিক্ষক নেই, যা বালিকাদের জন্য প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের। ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় শিক্ষকরা অবসরে যাওয়ার পর থেকেই এই জনবল সংকটের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে নতুন শিক্ষক নিয়োগ না হওয়ায় বর্তমান পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রশাসনিক কাজ সামলানোর পাশাপাশি তাঁকে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করতে হয়। শিক্ষক স্বল্পতার কারণে একজন শিক্ষককে প্রতিদিন সাতটি পর্যন্ত ক্লাস নিতে হচ্ছে। এছাড়া গণিত, ব্যবসায় শিক্ষা ও ভৌত বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দুটি বিভাগে পাঠদানের ব্যবস্থা থাকলেও অনেক সময় বাধ্য হয়ে দুটি বিভাগের শিক্ষার্থীদের একসঙ্গে পড়াতে হচ্ছে।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস না হওয়ায় ছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসন্ন এসএসসি পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। এদিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপকূলীয় অঞ্চল হওয়ায় অনেকে এখানে আসতে চান না, তবে দ্রুত শিক্ষক পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




































