সারাদেশ ডেস্ক: তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান অসন্তোষের জেরে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক এই অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের নির্দেশে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে তারা আইনশৃঙ্খলা রক্ষায় এই দায়িত্ব পালন করছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে তাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।
পরে বিজিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।





































