জাতীয় ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ নভেম্বর বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ওই দ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬ এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এই বিশেষ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই দ্বীপটি স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের মহড়ায় প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ ফোর্সগুলো একসঙ্গে অংশ নিয়েছে।



































