জাতীয় ডেস্ক: বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজ চলাচলের ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ প্রদান করা হয়।
সভায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বার্ড হিটের তথ্য যাচাই করে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। উদ্ভূত সমস্যা সমাধানে বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন করার কথা বলা হয়। এছাড়া পাখির চলাচল নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথাও জানান মন্ত্রী।
বিমানবন্দরগুলোতে নিরাপদ উড্ডয়ন অঞ্চল বা সেফ ফ্লাই জোন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর সমন্বয়ের লক্ষে প্রতি তিন মাস অন্তর এই কমিটির সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান সরকারের এভিয়েশন খাতের উন্নয়নের অংশ হিসেবেই বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোসহা মাহমুদ সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্যরাও সভায় অংশ নেন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমানবন্দর এলাকার বন্যপ্রাণী ঝুঁকি সফলভাবে কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।





































