পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের নামাজের কক্ষে (প্রেয়ার রুম) গণরুমের শিক্ষার্থীদের আবাসনের উদ্যোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় আবাসিক শিক্ষার্থীরা প্রতিবাদ করেন।
জানা গেছে, স্বাধীনতা হলের গণরুমে থাকা ১১ জন শিক্ষার্থীকে জুলাই-৬ হলে স্থানান্তরের উদ্যোগ নেয় হল প্রশাসন। এ সময় হল প্রভোস্ট উপস্থিত থেকে শিক্ষার্থীদের আবাসনসংকটের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি দুই ফ্লোরের শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজের কক্ষের পরিবর্তে দুটি ফ্লোর মিলিয়ে একটি নামাজের কক্ষ চালু রেখে অন্যগুলোতে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থার উদ্যেগ নেওয়া হয়।
পরে প্রভোস্টের অনুমতি নিয়ে স্বাধীনতা হলের গণরুমের শিক্ষার্থীরা জুলাই-৬ হলের ৬, ৮ ও ১০ তলার নামাজের কক্ষে উঠতে গেলে আবাসিক শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়েন। এ সময় তাঁরা নামাজের কক্ষের বাইরে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে চলে যান। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে হলের ৭, ৮ ও ৯ তলার বন্ধ রিডিং রুমগুলোর তালা খুলে সেখানে থাকার অনুমতি দেয় প্রশাসন। তবে রিডিং রুমের এই কক্ষগুলোতে ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থায় রাজি নয় শিক্ষার্থীরা।
আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের সঙ্গে আগে কোনো আলোচনা বা নোটিশ ছাড়াই নামাজের কক্ষগুলো আবাসনের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা বলেন, নামাজের কক্ষগুলোতে নিয়মিত নামাজ আদায় করা হয়। এগুলো কোনো পরিত্যক্ত কক্ষ নয়। এ ছাড়া হলের ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা চলে যাওয়ায় অনেক আসন খালি হওয়ার কথা। সেসব আসনে নতুন শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা না করে নামাজের কক্ষে আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “জুলাই-৬ হলে স্টোররুমগুলো দখল হয়ে আছে। এ ছাড়া বরাদ্দ ছাড়াই অনেক আসন দখল করে রাখা হয়েছে। প্রশাসনের উচিত এসব আসন উদ্ধার করে নতুন করে বরাদ্দ দেওয়া। তা না করে নামাজের কক্ষে শিক্ষার্থী ওঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। হলের প্রতিটি ফ্লোরে শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য প্রার্থনাকক্ষ রাখা হয়েছে। এসব কক্ষ নামাজের কক্ষ হিসেবেই বহাল রাখতে হবে।”
এ বিষয়ে স্বাধীনতা হলের প্রভোস্ট আল ফাহাদ ভূঁইয়া বলেন, “এই ১১ জন শিক্ষার্থী স্বাধীনতা হলের গণরুমে থাকতেন। তবে তাঁদের হলের সংযুক্তি (অ্যাটাচমেন্ট) জুলাই-৬ হলে। যেহেতু তাঁদের জুলাই-৬ হলের আবাসিক হিসেবে সংযুক্তি রয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ওই হলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।”
জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের আবাসনসংকট বিবেচনায় সাময়িকভাবে কয়েক দিনের জন্য থাকার ব্যবস্থা করতে চেয়েছিলাম। তবে বর্তমানে তাঁদের হলের বন্ধ রিডিং রুমগুলোতে দুই সপ্তাহের জন্য থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এ সময়ের মধ্যে তাঁদের জন্য স্থায়ী বা বিকল্প আবাসনের ব্যবস্থা করা হবে।”
সর্বশেষ সংবাদ
পাবিপ্রবির জুলাই ৬ হলে নামাজের কক্ষে শিক্ষার্থী ওঠানোর অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ১০:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- ৩ বার পঠিত
জনপ্রিয়

































