গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতা নিক্ষেপ করেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সম্প্রতি এক বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে বলেন, “অল্প শিক্ষিত ও আধা শিক্ষিত গরিব মানুষ, চাষাভুষার পরিবারের ছেলে-পেলে গোপালগঞ্জ কি একটা সরকারি নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে হেনেপরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগরে পোলা-পান চাকরি-বাকরি পাইতেছে না, বেকার ঘুরতাছে। আর এইখানে গোপালগঞ্জের পোলা-পান বিশ্ববিদ্যালয় পড়ে হাসিনা আর শেখ মুজিবের মূর্তি লাগায়া টাগায় বিশাল কিছু মনে করতাছে। পতাকা উড়াইয়া ফেলতেছে। যেনো আওয়ামী লীগ ফিরতাছে।”
তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, “আমি তাঁকে ব্যারিস্টার বলব না, টাউট ফুয়াদ বলব। এ দেশের কৃষক ও সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অথচ সেই মানুষদেরই ‘চাষাভুষা’ বলে অপমান করা হয়েছে। একজন ব্যক্তির অপরাধের জন্য পুরো গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়কে অপমান করার অধিকার কাউকে দেওয়া হয়নি।”
তিনি আরো বলেন,”বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। পাশাপাশি গোপালগঞ্জের শিক্ষার্থী ও জেলাবাসীর কাছে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দেশব্যাপী বয়কট ও প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলার আহ্বান জানাই।”
আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী বলেন, “ব্যারিস্টার ফুয়াদ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘চাষাভুষা, স্বল্পশিক্ষিত ও অর্ধশিক্ষিত’ বলে অবমাননাকর মন্তব্য করেছেন। অথচ এ বিশ্ববিদ্যালয় থেকে আটজন জজ ও প্রায় ১০ জন বিসিএস ক্যাডার হয়েছেন। এখানকার শিক্ষার্থীরা ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেছেন এবং অনেকে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়টি অঞ্চলগতভাবে পিছিয়ে থাকলেও দেশব্যাপী এর সুনাম রয়েছে। তাঁর এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের মন্তব্যের মাধ্যমে তিনি তাঁদের দলের সাম্য, সামাজিক সুবিচার ও মর্যাদার নীতিও লঙ্ঘন করেছেন।”
এ সময় তিনি আরও দাবি করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ।
প্রতিবাদ কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে শিক্ষার্থীরা ব্যারিস্টার ফুয়াদকে অবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।


































