জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইন ও বিচার বিভাগ এবং ক্যারিয়ার ক্লাবের যৌথ আয়োজনে “অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন: কোম্পানি, রিট এন্ড অ্যাডমিরালটি ফ্রেমওয়ার্কস” শীর্ষক একটি ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বক্তারা আইনের বিভিন্ন দিক, সম্ভাবনা, ক্যারিয়ার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সেইসাথে শিক্ষার্থীদের আইন পেশায় যুক্ত হওয়ার ইতিবাচক দিকগুলোর উপর গুরুত্বারোপ করেন আলোচকরা।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “আইনের মূল ভিত্তি নৈতিকতা। সমাজের নৈতিক বোধের পরিবর্তনের সঙ্গে আইনের গতিপথও পরিবর্তিত হয়।”
তিনি আরও বলেন, “একজন দক্ষ আইনজীবী হতে হলে আইনি বিধি-বিধান ও সংবিধান সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক আদর্শ, নীতিবিদ্যা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে গভীর উপলব্ধি থাকা প্রয়োজন।”
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ তাহসিন আলী।
বক্তব্যে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, “কোম্পানি আইন, রিট জুরিসডিকশন ও অ্যাডমিরালটি বিষয়ে দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের আরও গভীরভাবে পড়াশোনা করতে হবে। একজন দক্ষ আইন বিশেষজ্ঞ হয়ে উঠতে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি তার ব্যবহারিক প্রয়োগের বিকল্প নেই।”
এছাড়ও তিনি আইনের বিভিন্ন শাখা এবং হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশনের গঠন ও কাঠামো বিশদভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।




















