সম্প্রতি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রাক্তন শিক্ষার্থী কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। এ উপলক্ষে তাকে সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।
শনিবার (৬ জুন) অনুষদ ডিন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহামের সঞ্চালনায় অনুষদের সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের সভাপতি ও কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়ার পর তাকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুষদের শিক্ষকবৃন্দ কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন ও সাধুবাদ জানান। শিক্ষকরা আশা প্রকাশ করেন, বিএমডিএর চেয়ারম্যান হিসেবে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দেশের কৃষি উন্নয়ন ও কৃষকের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তাঁর এই সাফল্য বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, ‘বরেন্দ্র বহুমুখী প্রকল্পে প্রকৌশলী মোহাম্মদ হাসান তুহিন ভাইয়ের নিয়োগ প্রমাণ করে যে, নীতিনির্ধারণী পর্যায়ে কৃষি প্রকৌশলীদের গুরুত্ব এখন স্বীকৃত। বরেন্দ্র বহুমুখী প্রকল্পে বর্তমানে ডিপ্লোমা প্রকৌশলীদের যে কাজের সুযোগ রয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলীদের জন্য সুনির্দিষ্ট সুযোগ তৈরি করতে হবে। কৃষিকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে প্রতিটি উপজেলায় কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা পদ সৃষ্টি করা প্রয়োজন। কেবল বিশেষজ্ঞ কৃষি প্রকৌশলীরাই আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারবেন।’
সংবর্ধিত অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, ‘আমার জীবনের এই পর্যায়ে আমি পুনরায় কৃষি পেশায় কাজ করার সুযোগ পেয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি। আমার স্বপ্ন, কৃষি প্রকৌশলী পেশা বাংলাদেশে আবারও তার হারানো মর্যাদা ফিরে পাক এবং সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হোক। একসময় কৃষি শিক্ষার মর্যাদা অনেক উঁচুতে ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে তা কিছুটা পিছিয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখলে এবং দল আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিলে আমি কৃষি পেশার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আমার অনেক পরিচয় থাকতে পারে, তবে সবচেয়ে বড় পরিচয় আমি একজন কৃষি প্রকৌশলী ও কৃষিবিদ। এই পেশার সম্মান বৃদ্ধি মানেই আমার নিজের সম্মান বৃদ্ধি। আমি চাই, কৃষি শিক্ষা আবারও শিক্ষার্থীদের প্রথম পছন্দ হয়ে উঠুক। আমি শুধু নিজের জন্য নয়, দেশের কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাকে শিক্ষা দেওয়া সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন স্রষ্টা আমাকে এ দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন।’
























