ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেপ্তার এবং তাঁর সম্পত্তি ক্রোকসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বেনাপোল শাখার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বেনাপোল’-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গ্রাহক ফোরামের এই সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মো. ইলিয়াস, মাওলানা মো. আব্দুর রহিম, মোল্লা আনোয়ার, মো. মনিরুজ্জামান, মো. নুরুল ইসলাম, ইয়ানুর রহমান, আমির হোসেন দুলাল এবং বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। পুরো মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন মো. আব্দুল হামিদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালে ব্যাংকটি ওই গোষ্ঠীর প্রভাবমুক্ত হলেও বর্তমানে আবারও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদের অনুসারীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমানে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, সুশাসনের ঘাটতি এবং গ্রাহকদের আস্থাহীনতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান, একে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তাঁরা।




















