অপরাধ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানফেরত তিন যাত্রীর লাগেজ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে চুরিকৃত মালামালসহ তিনটি লাগেজ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত ১২ অক্টোবর ওমান থেকে একই ফ্লাইটে আসা যাত্রীদের মালামাল চুরির এই ঘটনা ঘটেছিল।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, অভিযুক্ত জসিম নিজেও ওই একই ফ্লাইটের যাত্রী ছিলেন এবং তিনি লাগেজগুলো নিয়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০ অক্টোবর বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনস পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় যেকোনো ধরনের চুরি ও অপরাধমূলক কার্যক্রম রোধে তাদের সদস্যরা সবসময় সতর্ক রয়েছেন। বিমানবন্দরকেন্দ্রিক চোরচক্র ও চোরাচালান দমনে এপিবিএনের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।






































