লাইফস্টাইল ডেস্ক: সকালে পরিবেশ নির্মল থাকলেও ঘুম থেকে ওঠার পর অনেকের ত্বকই নিস্তেজ, শুষ্ক বা ক্লান্ত দেখায়। ত্বকের ধরন বুঝে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলে দিনের শুরুতেই মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, সকালের যত্নে মুখ পরিষ্কার করা, আর্দ্রতা ধরে রাখা এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সার রাতের জমে থাকা ঘাম, তেল ও ময়লা দূর করার মাধ্যমে দিনের প্রথম যত্ন শুরু করতে হবে। ত্বকের ধরন অনুযায়ী মৃদু ফেইসওয়াশ বেছে নিতে হবে এবং খুব গরম পানি বা জোরে ঘষাঘষি এড়িয়ে চলা উচিত। মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করা সবসময় জরুরি নয়, তবে শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত টোনার বেছে নেওয়া যেতে পারে। পাশাপাশি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ‘সি’ সেরাম ব্যবহার করলে তা পরিবেশের ক্ষতিকর প্রভাব ও কালচে দাগ কমাতে সাহায্য করে।
মুখ পরিষ্কারের পর ত্বকের শুষ্কতা কমাতে এবং আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। তৈলাক্ত ত্বকের জন্য হালকা ও তেলবিহীন এবং শুষ্ক ত্বকের জন্য তুলনামূলক ঘন ময়েশ্চারাইজার বেশ উপযোগী। এ ছাড়া সকালের রুটিনে সানস্ক্রিন ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। বাইরে যাওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকে।
শুধু প্রসাধনী নয়, সুস্থ ত্বকের জন্য ভেতর থেকে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করাও জরুরি। পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর সকালের খাবার গ্রহণ এবং নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস ত্বকের সৌন্দর্য রক্ষায় বড় ভূমিকা রাখে। এছাড়া ত্বকে বরফ বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ব্রণ থাকলে তা খোঁচানো থেকে বিরত থাকা দরকার।





































