বিনোদন ডেস্ক: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক ইউরোপ ভ্রমণের শতবর্ষ পূর্তি উদযাপনের অংশ হিসেবে লন্ডনে একটি বিশেষ গীতি-আলেখ্য পরিবেশিত হয়েছে। গত শনিবার কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের পিন্টার স্টুডিওতে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ‘গীতবীণা’, ‘স্বাধীনতা ট্রাস্ট’ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ইউরোপ সফরকালে রচিত গান ও সাহিত্যকর্মের মাধ্যমে তার সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন গীতবীণার প্রধান উপদেষ্টা বাতিরুল হক সরদার। এছাড়া স্বাধীনতা ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালেস্টার ওয়েনস শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সুনীতা চৌধুরী ও রুমী হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা ও ইংরেজিতে গীতি-আলেখ্যের বিষয়বস্তু ঘোষণা করা হয়। মূল পর্বের শুরুতে ট্রাস্টের সহ-সভাপতি ভ্যালেন্টাইন হার্ডিং রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠ করেন।
সাংস্কৃতিক পরিবেশনায় রবীন্দ্র-গবেষক পীতম সেনগুপ্ত ধারাভাষ্য প্রদান করেন এবং রুমী হক ইংরেজি অনুবাদ পাঠ করেন। এ সময় রবীন্দ্রসংগীতের সঙ্গে সামঞ্জস্য রেখে কবির ইউরোপ ভ্রমণের সময়ের রচিত একাধিক গান পরিবেশন করা হয়। রুমী হক, মিতালী বনোয়ারি ও সুনীতা চৌধুরী সমবেত ও দ্বৈত কণ্ঠে গানগুলো পরিবেশন করেন। এ ছাড়া বুধাদিত্য ভট্টাচার্য রাগাংশ পরিবেশন করেন এবং তবলায় সংগত করেন সন্দীপ চক্রবর্তী।
ইতিহাস অনুযায়ী, ১৯২৬ সালের ১২ মে শান্তিনিকেতন থেকে নবমবারের মতো বিদেশ সফরে রওনা হন রবীন্দ্রনাথ। দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে তিনি ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। আয়োজকদের মতে, কবির এই ভ্রমণ তার সৃজনশীল জীবনে গভীর তাৎপর্য বহন করে এবং সেই অভিজ্ঞতার আলোকে গীতি-আলেখ্যটি সাজানো হয়েছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গীতবীণার পক্ষ থেকে অতিথিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।




































