আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের অনুকূলে পরিবর্তনের অপচেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল নিজেরাই বড় ধরনের সংকটে পড়েছে। ইরানের বিশিষ্ট বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব সম্প্রতি এমন দাবি করে বলেছেন যে এই দুই দেশের অভ্যন্তরীণ ব্যবস্থায় এখন পরিবর্তনের হাওয়া বইছে। তেহরানে আয়োজিত এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইরানি সংবাদ সংস্থার বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
হোসেইন তাইয়েবের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য কোনো সুফল বয়ে আনেনি। বরং আঞ্চলিক ভূরাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে তারা উল্টো নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ও জীবনধারা ছড়িয়ে দেওয়ার উচ্চাভিলাষী নীতি এখন দেশটির নিজেদের ভেতরেই প্রশ্নের মুখে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নানা সামরিক হস্তক্ষেপে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ায় মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে বিভিন্ন সামরিক সংঘাত এবং সাধারণ মানুষের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। মার্কিন শিক্ষার্থী, শিক্ষক এবং শিল্পীরা এহেন আগ্রাসী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন যা দেশটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের বহিঃপ্রকাশ। দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থা নিয়ে মার্কিন জনগণের ক্লান্তি এবং ববিরক্তি এখন অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। এই অভ্যন্তরীণ চাপ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তেহরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তার এমন বক্তব্য বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। বৈদেশিক নীতির কারণে পশ্চিমা দেশগুলোর নিজস্ব আঙিনায় তৈরি হওয়া জটিলতাগুলো আন্তর্জাতিক সম্পর্কের গতিপ্রকৃতি বদলে দিতে পারে। হোসেইন তাইয়েবের এই মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্য নীতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে বড় ধরনের বাধার মুখে পড়েছে, সেটাই মূলত আন্তর্জাতিক মহলে তুলে ধরা হয়েছে।




































