খেলা ডেস্ক: আট বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ঘটা আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে উসমান খাওয়াজার বিস্ফোরক মন্তব্য ক্রিকেট বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। আগামী মঙ্গলবার বাজারে আসতে যাওয়া ‘সব্র’ নামক আত্মজীবনীতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান দাবি করেছেন যে, ২০১৮ সালের ওই ঘটনায় পুরো দল জড়িত ছিল। তার এই প্রকাশ ক্রিকেট অস্ট্রেলিয়া ও দলটিকে নতুন করে বড় ধরনের চাপের মুখে ফেলে দিয়েছে। পুরনো এই ঘটনা পুনরায় সামনে চলে আসায় আগামী মৌসুমের আগে অস্ট্রেলিয়া দল সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মার্ক টেইলর।
ইংলিশ সংবাদমাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এ লেখা এক কলামে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি মনে করেন, বল টেম্পারিং কেলেঙ্কারি নতুন করে উন্মোচিত হওয়ায় সবচেয়ে বেশি খুশি হবে ইংল্যান্ড দল। ভনের ধারণা, অস্ট্রেলিয়া দল এমনিতেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং এই বিতর্কের কারণে তারা মানসিকভাবে পুরোপুরি এলোমেলো হয়ে যেতে পারে। ২০০৫ সালের অ্যাশেজজয়ী অধিনায়ক আরও উল্লেখ করেছেন যে, প্যাট কামিন্স ও তার দলের জন্য এটি সবচেয়ে বাজে সময়ে সামনে এল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্ত প্রক্রিয়া এবং ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন মাইকেল ভন। সে সময় কেবল ক্যামেরন ব্যানক্রফট, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে শাস্তি দেওয়া হলেও খাওয়াজার দাবি অনুযায়ী গেবেখায় দ্বিতীয় টেস্টেও সিরিষ কাগজ ব্যবহার করা হয়েছিল। ভন দাবি করেছেন যে, ক্রিকেট অস্ট্রেলিয়া ইচ্ছে করেই তাদের তদন্তের পরিধি সীমিত রেখেছিল যাতে আসল সত্য চাপা পড়ে যায়। দলের ভেতরে বোলারসহ সবাই এই বিষয়ে জানত দাবি করে তিনি বলেন, ক্রিকেট বোর্ডের এই ঘটনায় খেলোয়াড়দের সমান দায় রয়েছে।
এর আগে ২০২১ সালে ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছিলেন যে বল টেম্পারিংয়ের বিষয়টি বোলারদের জানা ছিল, যা সে সময় অস্ট্রেলিয়ান বোলাররা যৌথ বিবৃতিতে অস্বীকার করেছিলেন। বর্তমান দলটির তারকা বোলারদের ওপর নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা উড়িয়ে দিলেও ভন মনে করেন তাদের পরবর্তী সংবাদ সম্মেলনগুলো বেশ উত্তপ্ত হবে। চিরকাল এই বিতর্ক থেকে তারা পালিয়ে বেড়াতে পারবে না বলে মন্তব্য করেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

































