বিনোদন ডেস্ক: সম্প্রতি জোরপূর্বক ক্ষমা আদায়ের চেষ্টা, মব জাস্টিস, অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তাকে হেনস্তা এবং কাজের সুযোগ থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ভিডিও বার্তায় পরীমনি প্রশ্ন তোলেন যে গলা চেপে ধরা কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে কি কখনো জোর করে কাউকে ক্ষমা চাওয়ানো সম্ভব। কাউকে ভুল স্বীকার করানো বা ক্ষমা চাওয়ানোর নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে বলে তিনি মন্তব্য করেন। নিজের শব্দচয়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি জানান, একজনকে গালি দেওয়ার বিষয়টিকে সামনে এনে যেভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তার প্রতিবাদ জানান তিনি।
নারী হওয়ার কারণে তাকে নানা কটূক্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে এবং তিনি তা নীরবে সহ্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন এই অভিনেত্রী। তার অভিযোগ, এক শ্রেণির মানুষ ব্যক্তিগত আক্রোশ ও ইগো থেকে রাস্তায় নেমে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন এবং তাকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ করছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে বিভিন্ন অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কাজের সুযোগ বন্ধ করে দেওয়ার অপচেষ্টার কথা উল্লেখ করে পরীমনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে যাতে তাকে কোনো কাজের প্রস্তাব দেওয়া না হয়। তাকে বয়কট করার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এখন সরাসরি ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া হাতে ফোন বা পেজ থাকলেই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে যা ইচ্ছা তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিও বার্তার শেষাংশে চরম ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, এসব করে তাকে স্যরি বলানোর চেষ্টা চলছে। তিনি এর প্রতিক্রিয়ায় বলেন, এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন, স্যরি ধুয়ে পানি খা। তার এই ভিডিও বার্তাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





































