বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব পেলে দায়িত্ব নিতে প্রস্তুত হামজা দেওয়ান চৌধুরী। কোচ চাইলে অধিনায়কের আর্মব্যান্ড পরতে আপত্তি নেই বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই তারকা মিডফিল্ডার।
মঙ্গলবার বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘ইফ দ্য কোচ ওয়ান্টস মি টু বি ক্যাপ্টেন, আই উইল বি ক্যাপ্টেন।’ অর্থাৎ, কোচ চাইলে তিনি অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে আসছেন জামাল ভূঁইয়া। তবে হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই তার অধিনায়কত্ব নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। সমর্থকদের একটি বড় অংশও হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেখতে চান।
তবে অধিনায়কত্বের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতিও সম্মান জানিয়েছেন হামজা। তিনি বলেন, বাংলাদেশ দলে তার চেয়ে বেশি অভিজ্ঞ অনেক খেলোয়াড় রয়েছেন, যারা দেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন। তাই তাদের অভিজ্ঞতাকেও তিনি গুরুত্ব দেন।
দলের ঐক্য ও পারিবারিক বন্ধনের বিষয়টিও তুলে ধরেছেন এই ফুটবলার। হামজার ভাষায়, ড্রেসিংরুমে সবাই একই চিন্তাধারায় বিশ্বাসী। পুরো দল একটি পরিবারের মতো। অধিনায়কত্বের সিদ্ধান্ত যাই হোক না কেন, দলের একতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০২৫ সালের মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এশিয়ান কাপ বাছাইয়ের ছয় ম্যাচের পাশাপাশি নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। এবার প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার অপেক্ষায় এই তারকা।
২০০৩ সালের পর আবারও সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা সম্পর্কে হামজা বলেন, দেশবাসী শিরোপা চায় এবং দলের মধ্যেও আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবং ভারতের বিপক্ষে জয় দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তবে দলের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে বলেও মনে করেন তিনি।
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রত্যাশার পাশাপাশি চাপও রয়েছে বাংলাদেশের ওপর। বিশেষ করে হামজাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। তবে চাপকে ইতিবাচকভাবে নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চান তিনি।
হামজা বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের ওপর অনেক চাপ রয়েছে। তবে ইনশাআল্লাহ, আমরা সবাই সাফ চ্যাম্পিয়ন হতে চাই।’
অধিনায়কত্বের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোচের হাতে থাকলেও হামজার প্রস্তুতির কথা স্পষ্ট। এখন দেখার বিষয়, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে জামাল ভূঁইয়ার নেতৃত্বেই বাংলাদেশ মাঠে নামে, নাকি নতুন অধিনায়ক হিসেবে হামজার কাঁধে ওঠে নেতৃত্বের দায়িত্ব।

































