রাজনীতি ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। জামায়াত আমিরের করা ‘ফালতু লোক’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবস্থান তুলে ধরেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সক্রিয়ভাবে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। দীর্ঘদিনের এমন আন্দোলন ও সংগ্রামের পরও জামায়াতের শীর্ষ নেতার কাছে তিনি ‘ফালতু’ হিসেবে মূল্যায়িত হলেন কি না, সে প্রশ্ন রাখেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, অতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেতর গোপনে থাকা ব্যক্তিরাও এখন জামায়াত-শিবিরের কাছে তুলনামূলক বেশি যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন।
পোস্টে সাংবাদিক জুলকারনাইন সায়েরের বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গও টেনে এনেছেন রাশেদ খাঁন। তিনি উল্লেখ করেন, সাদিক কায়েম সম্পর্কে জুলকারনাইনের তথ্যকে সত্য মানলেও, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য প্রকাশের পর তা মিথ্যা বলা হচ্ছে। রাজনৈতিক কারণে নিজের বক্তব্যকে চ্যালেঞ্জ করা হলেও অনুসন্ধানী সাংবাদিকের তথ্য কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
নিজের অতীতের কথা স্মরণ করে রাশেদ খাঁন জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছিল। সংসদে দাঁড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করে এ ধরনের শব্দ ব্যবহার করাকে তিনি অসংসদীয় আচরণ বলে আখ্যায়িত করেন। তাঁর মতে, জামায়াত আমিরের এই মন্তব্যের মধ্য দিয়ে দলটির পুরো নেতাকর্মীদের প্রকৃত চরিত্র ফুটে উঠেছে।
মূলত জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগ নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়। গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের পর জামায়াত আমির সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। এরই প্রতিক্রিয়ায় তিনি রাশেদ খাঁনকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন, যার তীব্র প্রতিক্রিয়া জানান এই রাজনৈতিক সহকারী।



































