স্বাস্থ্য ডেস্ক: নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা, খাবারের হিসাব রাখা এবং সময়মতো ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে ব্যস্ত জীবনযাত্রায় এই কাজগুলো সবসময় সঠিকভাবে মনে রাখা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোনের কিছু বিশেষায়িত অ্যাপ এই পুরো প্রক্রিয়াটিকে অনেকটাই সহজ করে দিয়েছে। এসব অ্যাপের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ থেকে শুরু করে পুষ্টির হিসাব ও ওষুধের রিমাইন্ডার সেট করা যায়।
মার্কিন স্বাস্থ্য সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিস ব্যবস্থাপনায় নিয়মিত গ্লুকোজ পর্যবেক্ষণ এবং জীবনযাত্রার তথ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ডায়াবেটিস:এম, মাইসুগার, গ্লুকোজ বাডি ও গ্লুকোয়ার মতো অ্যাপগুলো গ্লুকোজের মাত্রা, ইনসুলিনের ডোজ, কার্বোহাইড্রেট ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য এক জায়গায় জমা রাখতে সাহায্য করে। এসব অ্যাপ থেকে প্রাপ্ত গ্রাফ বা প্রতিবেদন চিকিৎসকের সঙ্গে পরামর্শের সময় দারুণ কাজে আসে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল অ্যাপের ওপর নির্ভর করে ইনসুলিনের ডোজ নির্ধারণ করা উচিত নয়।
অন্যদিকে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের জন্য মাইফিটনেসপাল এবং ফ্যাটসিক্রেটের মতো ক্যালরি গণনার অ্যাপগুলো বেশ জনপ্রিয়। এসব অ্যাপে খাবারের পুষ্টিমান, কার্বোহাইড্রেট ও চর্বির পরিমাণ যাচাই করা যায়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়া নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে এবং ডোজ মিস হলে তা স্বজনদের জানাতে মেডিসেইফ অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
তবে এসব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করাও সমানভাবে জরুরি। আন্তর্জাতিক অনেক অ্যাপের ডাটাবেজে দেশীয় বা স্থানীয় খাবারের সঠিক পুষ্টিমান সবসময় পাওয়া যায় না। তাই নিজস্ব খাদ্যাভ্যাস ও চিকিৎসকের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করা উচিত।



































