স্বাস্থ্য ডেস্ক: বারবার তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, অকারণে ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করা ডায়াবেটিসের সাধারণ লক্ষণ হলেও অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হওয়া বা শরীর তা সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। দীর্ঘদিন এই রোগ অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখ, স্নায়ু ও রক্তনালির মারাত্মক ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ডায়াবেটিসের জটিলতা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করে থাকে। বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রচারে মূলত আগেভাগে রোগ শনাক্তকরণ এবং ঝুঁকি কমানোর উপায়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ডায়াবেটিস মূলত প্রধান দুটি ভাগে বিভক্ত, যার মধ্যে টাইপ ১ ও টাইপ ২ অন্যতম এবং এদের কারণ ও চিকিৎসার ধরন ভিন্ন। টাইপ ১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করায় ইনসুলিন তৈরি প্রায় বন্ধ হয়ে যায়। অন্যদিকে, টাইপ ২ ডায়াবেটিসে শরীরের কোষ ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না এবং এটি ৯৫ শতাংশের বেশি রোগীর ক্ষেত্রে দেখা যায়। অতিরিক্ত ওজন, পেটের চারপাশে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের অভাব এবং পারিবারিক ইতিহাসের সঙ্গে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ঘনিষ্ঠভাবে জড়িত। তবে স্বাভাবিক ওজনের মানুষেরও এই রোগ হতে পারে এবং শুরুতে স্পষ্ট কোনো লক্ষণ না থাকায় এটি ধীরে ধীরে তৈরি হয়।
অনেকেই ঘন ঘন প্রস্রাব বা অতিরিক্ত তৃষ্ণাকে আবহাওয়া কিংবা বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে ভুল করেন এবং ক্লান্তিকে কাজের চাপ বা ঘুমের ঘাটতির ফল মনে করেন। আবার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস না থাকলে ঝুঁকি কম ভাবা এবং সারা জীবন ওষুধ খাওয়ার ভয়ে অনেকে পরীক্ষা করাতে চান না। সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ কামরুল হাসান জানান, উপসর্গ ছাড়াও অন্য কোনো রোগের পরীক্ষা করাতে গিয়ে অনেক সময় ডায়াবেটিস ধরা পড়ে। অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, রক্তে অস্বাভাবিক চর্বি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
বিশেষজ্ঞরা ৬ মাস বা এক বছর পরপর নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। উপবাসের পর রক্ত পরীক্ষা ছাড়াও বিগত দুই থেকে তিন মাসের গড় শর্করার মাত্রা জানতে এইচবিএ১সি পরীক্ষা করা হয়। শিশু ও কিশোররাও টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, তাই অতিরিক্ত তৃষ্ণা বা ওজন হ্রাসের মতো পরিবর্তন দেখা দিলে অবহেলা করা উচিত নয়। শুধু মিষ্টি খাওয়া বা অতিরিক্ত ওজনের মানুষেরই ডায়াবেটিস হয়—এমন ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা ইনসুলিন বন্ধ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

































