স্বাস্থ্য ডেস্ক: রক্তে শর্করার মাত্রা মেপে ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিসের যত্ন শেষ হয়ে যায় না। রোগটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পায়ের সঠিক যত্ন, সুষম খাবার খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকে খাদ্যতালিকায় পরিবর্তন আনলেও কিছুদিন পর নিয়ম মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখান। অথচ রক্তে শর্করা কিছুটা নিয়ন্ত্রণে এলেও নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতা কমে যাওয়া মোটেও ঠিক নয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে শরীরের রক্তনালি ও স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এমনকি ডায়াবেটিসের কারণে পায়ে ক্ষত সৃষ্টি হয়ে গুরুতর অবস্থায় পা কেটে ফেলার ঝুঁকিও থাকে। তাই শুধু গ্লুকোজ মাপার পাশাপাশি রক্তচাপ ও রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখাও সমানভাবে প্রয়োজন।
ডায়াবেটিসের অনেক জটিলতা নীরবে শরীরে বাসা বাঁধে এবং প্রাথমিক পর্যায়ে এর কোনো লক্ষণ প্রকাশ পায় না। চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হলে শুরুতে দৃষ্টিশক্তিতে বড় কোনো পরিবর্তন বোঝা যায় না, যা পরবর্তীতে মারাত্মক রূপ নিতে পারে। একইভাবে কিডনির সূক্ষ্ম রক্তনালি ক্ষতিগ্রস্ত হলেও শুরুতে তা বোঝা যায় না। তাই নিয়মিত প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি এবং রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষার মাধ্যমে কিডনির কার্যক্ষমতা যাচাই করতে হবে।
পায়ের সুরক্ষায় প্রতিদিন পায়ের পাতা, আঙুলের ফাঁক ও গোড়ালি ভালোভাবে পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে। কোথাও কোনো কাটাছেঁড়া, ফোসকা বা ফোলা আছে কি না তা খেয়াল রাখতে হবে এবং সবসময় আরামদায়ক জুতা ব্যবহার করতে হবে। এছাড়া পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম চালিয়ে যাওয়া উচিত। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পর নিজের সিদ্ধান্তে ওষুধ বা ইনসুলিন বন্ধ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


































