অপরাধ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঘরবাড়ি ভাঙচুর, উচ্ছেদ ও মারধরের অভিযোগে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এনসিপি নেত্রী নুসরাতের বাবা মো. আব্দুল হালিমসহ অজ্ঞাতনামা আরও আট থেকে দশজনকে আসামি করা হয়েছে। দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বসতি স্থাপন করেছিলেন ইদ্রিস আলী। কিন্তু পরবর্তী সময়ে আব্দুল হালিম ওই জমি দখলের চেষ্টা চালান এবং এর জেরে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে হামলা চালানো হয়। এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘর ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়। এছাড়া ঘর থেকে বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগও আনা হয়েছে ওই এজাহারে।
ভুক্তভোগী ইদ্রিস আলী দাবি করেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে তাকে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে কারাবাস করানো হয়। জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন যে সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে তার জমি দখল করা হয়েছে এবং বাড়াবাড়ি করলে তাকে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। নিরাপত্তার অভাব ও ভয়ের কারণে তিনি এতদিন মামলা করতে পারেননি বলে জানান। সম্প্রতি সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাকে ও তার পরিবারকে জড়ানোর চেষ্টা চলছে জানতে পেরে তিনি এই মামলা করেন।
এদিকে মামলার বিষয়ে অভিযুক্ত আব্দুল হালিম জানিয়েছেন যে বিষয়টি তার জানা ছিল না এবং সাংবাদিকদের মাধ্যমে তিনি এটি শুনেছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে তবেই তা সত্য বলে গণ্য হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, দৌলতপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ নিশ্চিত করেছেন যে জমি সংক্রান্ত এই ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বাদী।


































