অর্থনীতি ডেস্ক: তৈরি পোশাক খাতের রপ্তানি ধারা অব্যাহত রাখতে এবং প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা অনুযায়ী কারখানাগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা মেটাতে কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্ব আরও জোরদার করার তাগিদ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো বর্তমানে নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই ইইউর প্রবিধানগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে এবং কমপ্লায়েন্সকে নিজেদের বাণিজ্য কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করতে হবে।
দেশের অর্থনীতিতে বস্ত্র ও পোশাক খাতের অবদান তুলে ধরে মন্ত্রী জানান, মোট রপ্তানি আয়ের সিংহভাগই এই খাত থেকে অর্জিত হয় এবং এটি লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তিনি আরও বলেন যে, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির জন্য প্রাপ্ত বর্ধিত সময়কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের সুবিধা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করার মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং এসসিএআইপি প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ ও জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট উপস্থিত ছিলেন।





































