২৩ বছর পর সাফ ট্রফি জয়ের অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে শেষ মুহূর্তের এক ভুলে ভেঙে যায় সেই স্বপ্ন। আর সেই হারের দায় নিজের কাঁধে তুলে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
পোস্টে শ্রাবণ লিখেছেন, ‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
দ্বিতীয় সেমিফাইনালে একসময় বাংলাদেশের জয়ের নায়ক হওয়ার পথে ছিলেন শ্রাবণ। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন তিনি। তার দৃঢ়তায় শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনালে ওঠার আশা দেখছিল বাংলাদেশ।
তবে ম্যাচের শেষ দিকে একটি ভুলেই বদলে যায় সব হিসাব। তার নেওয়া একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন পাকিস্তানের আবদুল সামাদ। ফলে শেষ মুহূর্তের ওই গোলেই ভেঙে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন।
একটি ভুলের কারণে সমালোচনার মুখে পড়লেও শ্রাবণ নিজেই সেই হারের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তার এই আবেগঘন বার্তা হতাশ বাংলাদেশি সমর্থকদের মনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




































