খেলা ডেস্ক: নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) কার্নালি ইয়াকসের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশি ওপেনার আরিফুল ইসলাম। চিতওয়ান রাইনোসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ঝড় তোলেন ২১ বছর বয়সি এই তরুণ ব্যাটার। ইনিংসের প্রথম বলেই চার হাঁকিয়ে নিজের রান খাতা খোলেন ডানহাতি এই ক্রিকেটার। শুরু থেকেই আক্রমণাত্মক ঢঙে খেলতে থাকেন তিনি।
ম্যাচে ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে মাত্র ১৫ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলেন আরিফুল। তার এই ঝোড়ো ইনিংসে দুটি ছক্কা ও চারটি চারের মার ছিল। কীর্তিপুরের মাঠে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি হাঁকান তিনি। বিশেষ করে সালাহউদ্দিন খানের ওভারে টানা চার ও ছক্কা হাঁকিয়ে নিজের মুনশিয়ানা দেখান এই ওপেনার।
তবে দারুণ সূচনার পরও নিজের ইনিংসটি খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি আরিফুল। সালাহউদ্দিন খানের করা পরের বলেই স্টাম্প ভেঙে যায় এই বাংলাদেশি ব্যাটারের, ফলে তার মারমুখী ইনিংসের দ্রুত সমাপ্তি ঘটে। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এটি তার প্রথম অভিজ্ঞতা হলেও আসরে তিনি মিশ্র পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছেন।
কার্নালি ইয়াকসের ইনিংসে আরিফুলের চেয়ে কেবল হুসাইন তালাত বেশি রান সংগ্রহ করতে পেরেছেন। পাকিস্তানি এই ব্যাটার ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন, যেখানে তিনটি ছক্কা ও দুটি চার অন্তর্ভুক্ত ছিল। তাদের দুইজনের অবদানে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় কার্নালি দল।




































