জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি, প্রস্তুতিকালীন বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে ‘রোড টু আইইএলটিএস: প্রবলেম-সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সির আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের টিচার-স্টুডেন্ট সেন্টারের (টিএসসি) সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে সহ-আয়োজক হিসেবে ছিল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সংগঠন ইউআরপিয়ার্স ক্লাব।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আফসানা হক। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের শিক্ষক ও আইইএলটিএস প্রশিক্ষক মো. সোহেল রানা।
এ ছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সির আইইএলটিএস কো-অর্ডিনেটর সাদিয়া আফরিন এবং আইইএলটিএস প্রশিক্ষক তাসনিম ওয়াসিথ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই হবে না; কর্মজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের পেশাগত ইংরেজি দক্ষতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে ইংরেজি ভাষায় দক্ষতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে তাদের দক্ষতা ও ভাষাগত যোগ্যতা বাড়াতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষার জন্য আলাদা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ড. আফসানা হক বলেন, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী অনেক শিক্ষার্থীর আইইএলটিএস প্রস্তুতি ও পরীক্ষা সম্পর্কে পর্যাপ্ত দিকনির্দেশনার অভাব রয়েছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সঠিক গাইডলাইন দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করার লক্ষ্যেই এ আয়োজন। শিক্ষার্থীরা উপকৃত হলে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এবং গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্মরত থাকার অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আইইএলটিএস প্রস্তুতির বিভিন্ন সীমাবদ্ধতা উপলব্ধি করেছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে পিএইচডি করতে গিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে আইইএলটিএস প্রস্তুতি, মক টেস্ট, নিবন্ধন এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। পাশাপাশি গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার লক্ষ্য রয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা দেওয়া এবং প্রস্তুতির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ দেখানোই এ সেমিনারের মূল উদ্দেশ্য।
































