মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে দেশের বিভিন্ন জলাশয়ে ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম–২০২৬’ শীর্ষক কর্মসূচি চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হল সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে ৩০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুরসহ ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘পোনা অবমুক্তকরণ মৎস্য অধিদপ্তরের একটি দীর্ঘদিনের ও সফল উদ্যোগ। আমরা উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল-কলেজের মতো অব্যবহৃত প্রাতিষ্ঠানিক পুকুরেও পোনা অবমুক্ত করি। যেসব জলাশয় সঠিক ব্যবস্থাপনা বা সক্ষমতার অভাবে অব্যবহৃত পড়ে থাকে, আমরা সেগুলোকে এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ২০১৮ সালেই বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। তবে কেবল রপ্তানিযোগ্য মাছের মান নিয়ে ভাবলেই চলবে না, দেশের মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিদেশি ভোক্তাদের মতো দেশের মানুষ এবং আমাদের সন্তানদের জন্যও মানসম্মত খাদ্যের মাধ্যমে নিরাপদ মাছ নিশ্চিত করতে হবে।’































