শাহরিয়ার ফারুকি, জাবি প্রতিনিধি
শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস এক অপূর্ব প্রাকৃতিক ও উৎসবমুখর রূপ ধারণ করে। সবুজ গাছপালা, কুয়াশাচ্ছন্ন সকাল, লাল শাপলার লেক আর পরিযায়ী পাখির কলকাকলিতে যখন পুরো ক্যাম্পাস হয়ে ওঠে মুখরিত তখন এই অপরূপ সৌন্দর্যের অনন্য মাত্রা নির্ধারণ করে শীতকালীন পিঠার আমেজ।
শীতের হাওয়া বইতে না বইতেই বাতাসে ভাসতে থাকে গরম পিঠার সুবাস। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই যেন ক্যাম্পাসের মোড়ে মোড়ে ধুম পড়ে যায় পিঠা তৈরির এক অলিখিত প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের বটতলা, শেরে বাংলা হল সংলগ্ন মোড়,শহীদ রফিক জব্বার চত্বর, জেনারেটর বাজার ও শহীদ সালাম বরকত হলের মধ্যবর্তী ঐতিহ্য.কম, আল বিরুনী হল, বেগম খালেদা জিয়া হল,স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকাছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রয়েছে পিঠার দোকানগুলি। বিকেল থেকে শুরু করে প্রায় রাত ১০ টা পর্যন্ত পাওয়া যায় পিঠা।
ভাপা পিঠা ও নারিকেল পিঠা হলো এই পিঠাকেন্দ্রগুলোর প্রধান আকর্ষণ। স্থানভেদে ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যায় এক একটি পিঠা। ভাপা পিঠার পাশাপাশি মাংস পিঠা,সিকিন পিঠা, চিতাই পিঠা,তেলের পিঠা, পাটিসেপটা,চিতই পিঠার কদরও কম না। এর সাথে যুক্ত হয়েছে ফুলকপি ভাজি, আলুর চপ ও পেঁয়াজু। বিভিন্ন রকম মশলা, ভর্তা সাথে এসব পিঠার মজাই আলাদা।
ভাপা পিঠার মত মাংস পিঠার দামও প্রতি পিস ২০ টাকা। বন্ধুদের কেউ চায় ভাপা পিঠা, কেউ চায় চিতই পিঠা। এগুলোর মধ্যে সিকিন পিঠা ২০ টাকা চিতাই পিঠা ১০ টাকা তেলের পিঠা ১০ টাকা ফুলকপি ভাজি ১০ টাকা এবং পেঁয়াজু পাওয়া যাচ্ছে ৫ টাকায়।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও মাঝে মাঝে দেখা যায় পিঠা খেতে। বাইরে থেকে আসা দর্শনার্থীদের সংখ্যাও কম না। এমনিতেই সারা বছর বন্ধের দিনে দর্শনার্থীতে ভরে থাকে ক্যাম্পাস। শীতের সময় এই দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় অনেক। শীতের পাখি দেখার সাথে সাথে শীতের পিঠা খাওয়ার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চান না। এছাড়াও ক্যাম্পাসের কর্মকর্তা-কর্মচারীগণ এমনকি পার্শ্ববর্তী এলাকার মানুষদেরও পিঠার কেন্দ্রগুলোতে দেখা যায়।
এসব পিঠার দোকানে পিঠা খেয়ে যেমন তৃপ্তি ভোগ করছেন শিক্ষার্থী ,শিক্ষক, কর্মচারী ও ক্যাম্পাসের বহিরাগত দর্শনার্থীরা তেমনি লাভবান হচ্ছেন এসব অস্থায়ী দোকানের মালিকরা। তবে এমনই একজন অস্থায়ী দোকানের মালিক মালা বেগম জানিয়েছেন হতাশার কথা।
তিনি বলেন,” আমার গ্রামের বাড়ি সিলেট।আগে একটি হোটেলে কাজ করতাম, কিন্তু সেই বেতনে বাসাভাড়া দিয়ে চলা যাচ্ছিল না। তাই ১০ দিন আগে ব্যবসাটা শুরু করেছি। আমার কাছে সবচেয়ে বেশি চলে চিতই পিঠা। শুরুতে কোনো কোনো দিন ২৫০০ থেকে ৩০০০ টাকা বিক্রি হতো। কিন্তু পাশে আরও দুটি দোকান হওয়ায় এখন দিনে ১২০০ থেকে ১৫০০ টাকার বেশি হয় না। এতে শুধু মালের খরচটুকু ওঠে, লাভ থাকে না।”
শীতকাল মানে রুক্ষ- শুষ্ক অবস্থা, শীতকাল মানে গাছের পাতা ঝরে যাওয়া। এত বেদনার মধ্যে শীতের আনন্দ হল শীতের পিঠা। গ্রামের বাড়িতে শীত আসা মানে খেজুর রসে ভিজানো পিঠা। কিন্তু ব্যস্ত এই নগরীতে রস পাওয় কষ্টসাধ্য, তাই বলে তো আর পিঠা খাওয়ার মজাা থেকে দূরে থাকা যায় না। বিশ্ববিদ্যালয়ের এই পিঠাকেন্দ্র কিছুটা হলেও মনে করিয়ে দেয় গ্রামের কথা, যেখানে ছিল সকালে উঠে কাচা খেজুরের রস খাওয়া, সারারাত ধরে পিঠা বানানো এবং রসে ভিজানো আর সকালে উঠে সেই পিঠা খাওয়া।
এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদী। তার ভাষ্যমতে,জাহাঙ্গীরনগরে শীত মানে শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস নয়, সঙ্গে নিয়ে আসে বটতলা ও রাস্তার মোড়ে পিঠার আয়োজন। বাড়ি থেকে দূরে থাকা শিক্ষার্থীদের কাছে এই পিঠাগুলো শীতের স্মৃতি জাগায় এবং বাড়ির অভাব কিছুটা ভুলিয়ে দেয়। বন্ধুরা দল বেঁধে পিঠা খেতে যায়। নানা অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা এখানে দেশের বিভিন্ন ধরনের পিঠার যে স্বাদ পায়, তা সত্যিই অতুলনীয়। তাই শীত ও জাহাঙ্গীরনগর একে অপরের পরিপূরক।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মায়া বর্ষাও তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,
“ছোটবেলা থেকেই দেখে আসছি, শীতকাল এলে আমাদের কাছে পিঠা একটা উৎসবের মতো হয়ে যায়। আমার দাদি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতেন, প্রতিবার নানা ধরনের পিঠা হতো। আমাদের গ্রামে সবচেয়ে পরিচিত ভাপা পিঠা। সবাই উৎসবের মতো চাল তুলত, পিঠা বানাত, তারপর সবাই মিলে খেত। শহরে আসার পর দেখছি, ভাপা পিঠার ধরন অন্যরকম, কিন্তু মানুষের আগ্রহ আরও বেশি।”
তাই শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিঠার দোকানগুলো শুধু খাবারের জায়গা নয়, এগুলো ক্যাম্পাসের শীতের উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও দর্শনার্থীদের কাছে এই পিঠাকেন্দ্রগুলো যেমন গ্রামের শীতের স্মৃতি ফিরিয়ে আনে, তেমনি বন্ধুদের আড্ডা ও মিলনের একটি প্রাণবন্ত পরিবেশও তৈরি করে।





































