আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব উপলক্ষে হোয়াইট হাউজ দুটি টার্কির নাম ঠিক করতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছিল। কিন্তু অনলাইন ব্যবহারকারীরা এই সুযোগ কাজে লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে নিয়ে নানা রসিকতা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের পক্ষ থেকে এপস্টেইন ও জেনসেনসহ বিভিন্ন রাজনৈতিক বিতর্কসংশ্লিষ্ট নামের প্রস্তাব দেওয়া হয়। উৎসবের এই আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করে ইন্টারনেটে ট্রাম্প প্রশাসনকে নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে পালিত হয় এবং এই দিবসের ভোজে টার্কির পদ মূল আকর্ষণ হিসেবে থাকে। উৎসবের আগে ন্যাশনাল টার্কি ফেডারেশন প্রেসিডেন্টকে দুটি সেরা টার্কি উপহার দেয় এবং প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেগুলোকে প্রাণভিক্ষা দেন। এই ঐতিহ্যকে সামনে রেখেই হোয়াইট হাউজ টার্কি দুটির নামকরণের জন্য সাধারণ মানুষের কাছে পরামর্শ চেয়েছিল। নাগরিকদের সামনে নির্দিষ্ট কিছু বিকল্প দেওয়া হলেও নেটিজেনরা নিজেদের পছন্দমতো নাম প্রস্তাব করতে শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রস্তাবিত নামগুলোতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কেলেঙ্কারি ও বিতর্কের তীক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায়। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মামলার বিতর্ককে কেন্দ্র করে অনেকেই জেফরি ও এপস্টেইন নাম প্রস্তাব করেন। এছাড়া ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও বিশেষ সহকারী নাটালি হার্পের নাম জড়িয়েও রসিকতা করা হয়। রিপাবলিকানদের রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নাম টেনেও নানা ব্যঙ্গাত্মক নাম প্রস্তাব করেন অনলাইন ব্যবহারকারীরা।
জনগণের নানা আপত্তিকর ও বিতর্কিত নামের প্রস্তাব পাশ কাটিয়ে হোয়াইট হাউজ শেষ পর্যন্ত নিরাপদ বিকল্প বেছে নিয়েছে। সব জল্পনা ও মশকরার অবসান ঘটিয়ে টার্কি দুটির নাম চূড়ান্ত করা হয়েছে ফ্রিডম ও ফেদারস। সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত প্রশাসনের পছন্দ করা এই নামগুলোর মাধ্যমেই ঐতিহ্য রক্ষা করা হয়েছে।





































