জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ পরিদর্শন করেছেন। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি নির্দিষ্ট সময়ে স্বর্ণদ্বীপে পৌঁছান এবং সেখানে তাকে অভ্যর্থনা জানান তিন বাহিনী প্রধান ও প্রতিরক্ষা সচিব। দ্বীপে পৌঁছানোর পর তিনি সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই সামরিক যান এটিভি চালিয়ে মহড়াস্থলে যান। পরে তিনি সেনা ছাউনিতে বসে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বিত এই মহড়া উপভোগ করেন।
এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নেয়, যা দেশের সামরিক সক্ষমতার আন্তঃবাহিনী সমন্বিত কার্যক্রম প্রদর্শন করে। মহড়াস্থলে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং একটি বৃক্ষরোপণ করেন। এরপর তিনি জওয়ানদের সাথে খোলামেলা পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং জওয়ান ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে স্বর্ণদ্বীপের হেলিপ্যাডে তাকে তিন বাহিনী প্রধান বিদায় জানান।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে নিজের দাপ্তরিক কার্যক্রমে যোগ দেন। নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করার পর তিনি একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। তার এই ব্যস্ততম সূচি ও কর্মতৎপরতা প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
স্বর্ণদ্বীপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের সামরিক ইতিহাসের এই প্রথম যৌথ সামরিক মহড়াকে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেন। তিনি মন্তব্য করেন যে এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত। সরকারের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অঙ্গীকারেরই প্রতিফলন এই আয়োজন।

































