লাইফস্টাইল ডেস্ক: মুখের নিয়মিত প্রসাধন ও যত্নের ভিড়ে প্রায়ই অবহেলিত থেকে যায় গলার ত্বক। অথচ মুখের তুলনায় গলার ত্বক বেশি পাতলা হওয়ায় সেখানে খুব দ্রুত বয়সের ছাপ ও বলিরেখা পড়ে। রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, গলার ত্বকে তেল উৎপাদনকারী গ্রন্থি কম থাকায় এটি দ্রুত শুষ্ক ও ঢিলে হয়ে যায়।
গলার ত্বকে বয়সের ছাপ পড়ার পেছনে সূর্যালোকের ক্ষতিকর প্রভাব এবং দীর্ঘ সময় মাথা নিচু করে থাকার অভ্যাস বড় ভূমিকা রাখে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে ফেলে এর দৃঢ়তা নষ্ট করে দেয়। তাই মেঘলা দিনেও বাইরে যাওয়ার আগে গলায় সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।
গলার সংবেদনশীল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে গ্লিসারিন ও সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার নিয়মিত লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন কোনো প্রসাধনী ব্যবহারের আগে সংবেদনশীলতার বিষয়টি মাথায় রেখে প্যাচ টেস্ট করে নেওয়া নিরাপদ। এছাড়া ত্বকে বয়সের ছাপ কমানোর উপাদান হিসেবে পরিচিত রেটিনল ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
শুরুতে প্রতিদিন না ব্যবহার করে অল্প পরিমাণে এবং সপ্তাহে কম দিন রেটিনল মাখা উচিত। ত্বকে কোনো ধরনের জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দিলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সঠিক নিয়ম মেনে নিয়মিত গলার যত্ন নিলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব।




































