আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুসংহত করতে নতুন ডেটা সেন্টার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রযুক্তিগত লড়াইয়ের মধ্যে দেশটি এআই খাতের বৈশ্বিক অবকাঠামো এবং গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চাইছে। এই লক্ষ্য বাস্তবায়নে দেশটির সরকার নতুন ডেটা সেন্টারগুলোর অনুমোদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ইসরায়েল নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রভাবও সম্প্রসারণ করতে চায়।
প্রযুক্তির এই খাতে ইসরায়েলের অবস্থান ইতোমধ্যে বেশ শক্তিশালী। মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ২০২০ সালে ইসরায়েলি কোম্পানি মেলানক্স অধিগ্রহণ করার পর থেকেই দেশটিতে তাদের কার্যক্রম বড় পরিসরে বিস্তৃত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ইসরায়েলে, যেখানে গত তিন বছরে কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ছয় হাজারে পৌঁছেছে। হাইফার কাছে নতুন একটি বিশাল গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে কোম্পানির, যেখানে প্রায় ১০ হাজার কর্মীর কাজের সুযোগ তৈরি হবে।
এআই উন্নয়নের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আশদোদ বন্দরের উত্তরে ‘ওফেক’ নামের একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণাধীন রয়েছে। প্রায় ১৫০ কোটি ডলার প্রাথমিক ব্যয়ে নির্মিতব্য এই কেন্দ্রটি চালু হলে এটি হবে দেশটির সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। সমুদ্রের নিচের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইউরোপের বাজারের সঙ্গে সরাসরি যুক্ত হতে যাওয়া এই কেন্দ্রটিতে এনভিডিয়ার উন্নত জিপিইউ ব্যবহার করা হবে। স্থানীয় পর্যায়ের বিভিন্ন জটিলতা এড়াতে চলতি বছরের শুরুতেই এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামোর মর্যাদা দিয়েছে ইসরায়েল সরকার।
তবে এই দ্রুত সম্প্রসারণ পরিকল্পনার সামনে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ। সম্প্রতি দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন সব ডেটা সেন্টারের বিদ্যুৎ সংযোগ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করেছে, যা বড় আকারের অবকাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী পারমাণবিক শক্তির বিকাশ এবং পূর্ব ভূমধ্যসাগরের গ্যাসক্ষেত্রগুলোর প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, শুধু ব্যবসায়িক লাভের চেয়ে কৌশলগত স্বার্থ ও ভবিষ্যতের শিল্পে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্যই এই ডেটা সেন্টার নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।




































