বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপত্তা শাখার তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে নিরাপত্তা শাখার উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সমন্বয়ক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবু সুফিয়ান মোহাম্মদ খায়রুল ফাত্তাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন মণ্ডল এবং প্রশিক্ষনার্থীরা।
প্রশিক্ষণটিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ২৭ জন কর্মী অংশগ্রহণ করে কোর্স সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নিরাপত্তা কর্মীরা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করতে হবে। আমি আশা করি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালু থাকবে।”



















