প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৪ জন নতুন সদস্য।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পর রাতে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন সদস্যরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হচ্ছেন সাচিং প্রু জেরী।
আরো কয়েকটি মন্ত্রণালয়ে পুর্নবণ্টন হতে পারে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।






























