জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, নজরুলের কবিতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সত্যবোধ জাগিয়ে তুলতে শিখিয়েছে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে আমরা নজরুলের কবিতা থেকে উজ্জীবিত হয়েছি।
উপাচার্য আরও বলেন, এই প্রতিবাদী চেতনা কেবল মুখে না বলে, সমাজ পরিবর্তনের জন্য আমাদের আচার-আচরণ এবং চিন্তার ক্ষেত্রে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রধান আলোচক হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, আলোচক হিসেবে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহানা বিলকিস বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































