নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নীলদিঘীতে শিক্ষার্থীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট কর্নার স্থাপন ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আল জকি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সম্ভাব্য নতুন কমিটির শীর্ষ পদপ্রত্যাশী।
বুধবার (২৮ অক্টোবর) ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মোঃ আল জকি।
তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী সাঁতার জানেন না বা ভালোভাবে সাঁতার কাটতে পারেন না, তাঁদের সুবিধার্থে সবার জন্য লাইফ জ্যাকেট কর্নার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নীলদিঘীতে আকস্মিক দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা পাওয়া যাবে।’
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে নীলদিঘীর পাড়ে বৃক্ষরোপণ করেছি। তারেক রহমানের গ্রিন রেভল্যুশন ইনিশিয়েটিভের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।’
মোঃ আল জকি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের কল্যাণের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি এ উদ্যোগ বাস্তবায়ন করেছেন। ভবিষ্যতেও তিনি ও নোবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবেন।































