বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। পশুপালন অনুষদের গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ডেয়রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসরুল আহাসান মিলন এবং সহ-সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান কৌশিক।
নতুন কমিটি প্রসঙ্গে সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান মুবিন বলেন, বিতর্ক অঙ্গনে বাকৃবিকে আরও সাফল্যমণ্ডিত করে তোলা এবং অতি শীঘ্রই আয়োজক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা নতুন কমিটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি, নবীনদের মধ্যে যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানো এবং পরিশীলিত বিতার্কিক তৈরি করার উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটি তার কার্যক্রম এগিয়ে নিতে চায়।































