বিনোদন ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের জীবনের না বলা গল্প নিয়ে আসছে নতুন পডকাস্ট। ‘ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’ নামের এই আয়োজনে অতিথিরা তাদের সাফল্যের চূড়ায় পৌঁছানোর পেছনের সংগ্রামের কথা বলবেন। স্কয়ার টয়লেট্রিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পডকাস্ট চালুর বিষয়টি জানানো হয়েছে।
এশা রুশদির সঙ্গে আলাপচারিতায় অতিথিরা তাদের কর্মজীবনের শুরুর দিনগুলোতে ফিরে যাবেন। কাজের পথে নানা বাধা এবং ব্যর্থতার পর কীভাবে তারা আবারও নতুন করে শুরু করেছিলেন, সেই অভিজ্ঞতা তুলে ধরবেন। চারপাশের কঠোর সমালোচনা সামলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কঠিন পথচলার কথাও এই আলোচনায় স্থান পাবে।
সামাজিক বিভিন্ন বাধা পেরিয়ে নারীরা কীভাবে নিজেদের জন্য স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন, তা পডকাস্টটিতে উঠে আসবে। জীবনের নানা পর্যায়ে নিজেদের নতুন করে আবিষ্কারের রোমাঞ্চকর অভিজ্ঞতাও তারা ভাগ করে নেবেন। কর্মজীবনের গল্পের পাশাপাশি শোয়ে ত্বকের যত্নের প্রসঙ্গটিও গুরুত্ব পাবে।
ত্বক নিয়ে সমাজে প্রচলিত ধারণার সঙ্গে নিজেদের বাস্তব অভিজ্ঞতা কতটা মেলে, তা নিয়ে খোলামেলা কথা বলবেন অতিথিরা। নিজের চেহারা ও নিজস্ব স্বকীয়তাকে সহজভাবে মেনে নেওয়ার সঙ্গে আত্মবিশ্বাসের গভীর সম্পর্কের বিষয়টিও আলোচিত হবে। এছাড়া, প্রতিদিনের ব্যস্তময় জীবনের ভেতর থেকেও নিজেদের যত্নের জন্য সময় বের করার পরামর্শ দেবেন তারা।
এই বিশেষ পডকাস্ট আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে মেরিল সিরাম সোপ বার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোসলের সময় ত্বকের বিশেষ যত্নের কথা মাথায় রেখেই সিরাম থেকে অনুপ্রাণিত ফর্মুলায় এই সাবান তৈরি করা হয়েছে। প্রাত্যহিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে নারীদের আত্মবিশ্বাসী করে তুলতে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




































