আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের স্কুলগুলোতে পড়াশোনার সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারির কঠোর নির্দেশনা দিতে যাচ্ছে দেশটির সরকার। নতুন সরকারি নির্দেশিকা অনুসারে, স্কুলের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কোনোভাবেই মোবাইল ফোন হাতের নাগালে রাখার সুযোগ পাবে না। এর আগে গত জুনে জারি করা সংবিধিবদ্ধ নির্দেশনায় স্কুল ও ট্রাস্টগুলোকে সারা দিন মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আইনিভাবে দায়বদ্ধ করা হয়েছিল। ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব স্কুলে ফোন ব্যাগের ভেতর সাইলেন্ট মোডে রাখা যেত, নতুন নির্দেশিকায় সেই ছাড় আর থাকছে না।
আসন্ন ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিতে মোবাইল ফোন সম্পূর্ণ নাগালের বাইরে রাখার কথা বলা হয়েছে। মা-বাবা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া স্পষ্ট বার্তায় দেশটির শিক্ষাসচিব লুসি পাওয়েল উল্লেখ করেছেন যে স্কুল পড়াশোনা ও পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিংয়ের স্থান নয়। সরকারের মতে, মোবাইলের সহজলভ্যতা শিশুদের পড়াশোনা ও সহপাঠীদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি করে। তবে এই নির্দেশিকাটি কীভাবে বাস্তবায়িত হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট স্কুলগুলোর ওপরই ছেড়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার।
ইতিমধ্যেই কিছু স্কুল বিশেষ ভাবে সিল করা থলে বা পাউচ ও ডিজিটাল লকওয়ালা লকারের পেছনে অর্থ বিনিয়োগ করেছে এবং কেউ কেউ দিনের শুরুতেই শিক্ষার্থীদের ফোন জমা নিচ্ছে। ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজ-এর প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের মোবাইল ফোন নাগালের বাইরে রাখতে তাদের স্কুল মেটাল ডিটেক্টর ও ফোন পাউচ সিস্টেমে ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সামাজিক যোগাযোগ ও সরাসরি ভাব বিনিময় বাড়ার পাশাপাশি ক্লাসরুমে মনোযোগ বৃদ্ধি পাওয়ায় তাদের পরীক্ষার ফলও ভালো হচ্ছে। সরকারের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার ডেম র্যাচেল ডি স্যুজা ও জেনারেশন ফোকাস-এর সহ-প্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটন।
তবে প্রধান শিক্ষকদের বিভিন্ন ইউনিয়ন এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাজেট সংকটের শঙ্কা প্রকাশ করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হেড টিচার্স-এর সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান এবং অ্যাসোসিয়েশন অফ স্কুল অ্যান্ড কলেজ লিডার্স-এর সাধারণ সম্পাদক পেপে ডি’ইয়াসিও সতর্ক করে বলেছেন যে লকওয়ালা পাউচ বা নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক হলে এর খরচ চড়া হবে এবং পর্যাপ্ত তহবিল না থাকলে অনেক স্কুলের পক্ষেই এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তহবিলের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষাসচিব লুসি পাওয়েল জানান, কীভাবে ও কোন পদ্ধতিতে স্কুলকে মোবাইলমুক্ত রাখা হবে সে বিষয়ে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানদের পূর্ণ স্বাধীনতাই নিশ্চিত করতে চায় সরকার। বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া শিক্ষা সচিব লরা ট্রট সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানালেও ক্লাসরুমে নতুন প্রযুক্তি ব্যবহারের সমন্বিত চিন্তার অভাব নিয়ে সমালোচনা করেছেন।
শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীভূত হওয়ায় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাজ্যের অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নিয়ম ও পদক্ষেপ দেখা যাচ্ছে। স্কটল্যান্ড সরকার স্কুলে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আনতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিলেও ওয়েলসের পার্লামেন্ট ক্লাসরুমে ফোনে জাতীয় বিধিবদ্ধ নিষেধাজ্ঞার প্রস্তাবটি ভোটে বাতিল করেছে। অন্যদিকে, উত্তর আয়ারল্যান্ডে স্কুলে আইন করে মোবাইল ফোন নিষিদ্ধ করা যায় কি না তা নিয়ে শিক্ষামন্ত্রী একটি জনমত জরিপ বা পরামর্শ কার্যক্রম শুরু করেছেন। উল্লেখ্য, স্কুলে মোবাইল নিষিদ্ধের এই নিয়মটি আগামী মার্চে পুরো যুক্তরাজ্যে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার আইন থেকে সম্পূর্ণ আলাদা।





































