জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাকে জাতীয়ভাবে স্মরণের জোরালো দাবি জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স কল্যাণ অ্যাসোসিয়েশন-রাওয়া’র উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমেই মূলত বাঙালি জাতির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ভিত্তি স্থাপিত হয়েছিল। সংক্ষিপ্ত জীবনে তিনি বাঙালি সেনাদের নিয়ে যে ইতিহাস গড়েছিলেন, তা দেশের সামরিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।
আলোচনা সভায় বক্তারা স্মরণ করেন যে, ১৯১৯ সালের ১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে জন্মগ্রহণ করা এই সেনা কর্মকর্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানে বাঙালি সৈন্যদের সাহসিকতা দেখে নিজস্ব রেজিমেন্ট গঠনের স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী সময়ে অত্যন্ত কঠোর পরিশ্রম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের মানুষের জন্য একটি পৃথক সামরিক পরিচিতি নিশ্চিত করেন। তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন প্রাপ্তির পর তার নেতৃত্ব ও রণকৌশল সকলের নজর কাড়লেও পাকিস্তানি শাসকরা বিষয়টি সহজে মেনে নেয়নি। ১৯৫৩ সালে সেনাবাহিনী থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি রাজনীতিতে যুক্ত হয়ে প্রাদেশিক পরিষদ নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান বলেন, মেজর গণির অবদান এখনো পুরোপুরি মূল্যায়ন করা হয়নি এবং তাকে শুধু একটি রেজিমেন্টের প্রতিষ্ঠাতা ভাবলে ভুল হবে। তিনি দাবি জানান যে, অবিলম্বে তাকে সরকারিভাবে ও জাতীয় পর্যায়ে স্মরণ করতে হবে এবং তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া কুমিল্লা সেনানিবাসের নাম এই বীর সেনা কর্মকর্তার নামে নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে তরুণ নেতৃত্বই পরিবর্তন এনেছে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ তার বক্তব্যে বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামকরণটি পূর্ব বাংলার গৌরব ও ঐতিহ্যকে শক্তভাবে ধারণ করেছিল। তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণার পেছনেও এই রেজিমেন্টের আদর্শ ও মেজর গণির স্পৃহা কাজ করেছিল। রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় অন্যান্যের মধ্যে বিশিষ্টজনেরাও বক্তব্য রাখেন।





































