রাজনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আলোচনার বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সম্প্রতি ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক সংলাপের তাগিদ দেন। আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করলে তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে চরমোনাই পীর বলেন, জ্বালাও-পোড়াওয়ের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ হতে পারে না। তিনি উল্লেখ করেন, দেশের নাগরিক হিসেবে বিএনপি ও আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলেরই একসঙ্গে বসা উচিত। ব্যক্তিস্বার্থ পরিহার করে সম্মিলিতভাবে কাজ করলেই কেবল দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি জানান, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিলেও সেই প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বর্তমান কর্তাব্যক্তিরাও পুরোনো কায়দায় ক্ষমতার আসনে বসেছেন বলে তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি, বিএনপির উদ্দেশে তিনি বলেন যে ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতি এবং বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।
ইসলামী আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করা হলে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি তুলে ধরে দ্বীপজেলাটিকে মেহেন্দিগঞ্জ-হিজলার পরিবর্তে সরাসরি ভোলা ও বরিশালের মধ্য দিয়ে সেতু নির্মাণের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি জানান। সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় রচিত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





































