জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই শিক্ষার্থীর নাম তাহমিদ হাসান রাফি (২৪)। তিনি রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত রাফি বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়ার ইসলামের ছেলে। পরিবারের সাথে সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের পাশে একটি আবাসিক ভবনে বাস করতেন।
অভিযাত্রা রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি শুরু হলে বন্ধুদের সঙ্গে কলেজে পুকুরে গোসল করতে নামেন রাফি। এ সময়ে পানিতে ডুবে যান তিনি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানতে পেরেছি। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।















