জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।
গত রবিবার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় ছাত্রশিবির নেতাকর্মীদের ‘হিজাব দেখলে গা জ্বলে, যা চলে যা জঙ্গলে’, ‘পর্দা মায়ের অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘হিজাব নিকাব বিদ্বেষ, রুখে দাও বাংলাদেশ’, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা হিজাব নিয়ে বিরূপ মন্তব্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এমন মন্তব্যকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে মন্তব্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, “জাতীয় সংসদে দাঁড়িয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বোরকা ও হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, মদিনার সনদের আদলে রাষ্ট্র পরিচালনা করবেন, মাথায় টুপি পরে দেশের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের কথা বলেছেন, কিন্তু আজ আমরা দেখছি, জাতীয় সংসদে গিয়ে আপনারাই ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা ধরে নেব, এটি শুধু তাঁর ব্যক্তিগত বক্তব্য নয়, বরং বিএনপির অবস্থানেরই প্রতিফলন।”
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আজ সংসদে পর্দা সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে, তা প্রমাণ করে বিএনপি শুধু ব্যক্তিগতভাবে নয়, দলীয়ভাবেও ইসলাম বিদ্বেষী মনোভাবের পরিচয় দিচ্ছে। বিএনপি নিজেদের, জনগণের এবং দেশের সমস্যাগুলোর সমাধান না করে সারাক্ষণ সংসদে বিরোধী দলের দোষ খুঁজে বেড়ায়।
তিনি বলেন, ‘ইসলাম শুধু জামায়াতে ইসলামীর নয়, ইসলাম শুধু ছাত্রশিবিরেরও নয়। আজ পর্দার বিরুদ্ধে কথা বলে সারা বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পর্দার বিরুদ্ধে বক্তব্য দেওয়া বিএনপিকে জনগণের কাছে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।’






























