মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বলিউড তারকা শাহরুখ খানের আইকনিক বাসভবন ‘মান্নাত’-এ বর্তমানে চলছে বড় ধরনের সংস্কার ও আধুনিকীকরণের কাজ। প্রায় ৩০০ কোটি টাকারও বেশি বাজারমূল্যের এই ভবনটির পেছনের অংশে নতুন করে কয়েকটি তলা যুক্ত করা হচ্ছে।
ঈদ কিংবা প্রিয় তারকার জন্মদিনে যেখানে ভক্তদের ঢল নামে, সংস্কারের পর সেই ‘মান্নাত’ কেমন নতুন রূপ পায়—তা নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে অনুরাগী মহলে।
‘মান্নাত’-এর সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের গল্পটি অবশ্য প্রায় তিন দশক পুরোনো। ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার জনপ্রিয় ‘চাঁদ তারে’ গানের শুটিং চলাকালে প্রথমবারের মতো বাংলোটির দিকে নজর পড়ে এই অভিনেতার। তখন বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ এবং এর মালিক ছিলেন গুজরাটি ব্যবসায়ী নরিমান দুবাশ।
শুটিংয়ের সময় বাংলোটির নিরাপত্তাকর্মীরা শাহরুখ ও তাঁর টিমকে সেখান থেকে চলে যেতে বললে তিনি মজা করে সহকর্মীদের বলেছিলেন, এটি কিনে নিয়ে তারপর শুটিং করবেন। মূলত সেই মুহূর্তেই বাড়িটি নিজের করে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা।
সেই স্বপ্নের চার বছর পর, ২০০১ সালে অবশেষে ‘ভিলা ভিয়েনা’ কিনে নেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বাড়িটির মূল দাম ও পরবর্তী সংস্কার খরচ মিলিয়ে তখন তাঁর প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছিল।
বাংলোটি কেনার পর প্রথমে এর নাম রাখা হয়েছিল ‘জান্নাত’। তবে পরবর্তীতে ক্যারিয়ারে একের পর এক অভূতপূর্ব সফলতা অর্জন এবং জীবনের বহু আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় বাড়িটির নাম বদলে স্বাচ্ছন্দ্যে রাখেন ‘মান্নাত’।



































