সাহিত্য ডেস্ক: কথাসাহিত্যিক নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসী’ এর আনুষ্ঠানিক প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক আয়োজনের মধ্য দিয়ে এই প্রচ্ছদটি সবার সামনে আনা হয়। উপন্যাসটির প্রচ্ছদশিল্পের কাজটি করেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।
অনুষ্ঠানে নিজের শারীরিক অসুস্থতা ও সাহিত্যচর্চার অভিজ্ঞতা তুলে ধরে লেখক নাসরীন জাহান বলেন, কলম হাতে নিলেই তার মনে হয় মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। তবে লেখা শুরু করলেই চোখের সামনে পৃথিবীর রূপ ও জীবনের রস নতুন করে ভেসে ওঠে। জীবনের এই সজীবতা দিয়েই তিনি কালো অন্ধকার ও মৃত্যুকে দূরে ঠেলে দিচ্ছেন বলে জানান।
সাহিত্যিক হাসনাত আবদুল হাই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন, নাসরীন জাহান এক বিরল ব্যক্তিত্ব যাঁর জীবন থেকে লেখালেখিকে কখনোই আলাদা করা যায় না। গত দুই বছর ধরে কঠিন ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তাঁর জীবনযাপনের চরিত্র বদলায়নি। রোগশয্যায় থেকেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহিত্যগুণসম্পন্ন অনুকবিতা ও প্রবচন লিখে চলেছেন যা তাঁর অদম্য মনবলেরই বহিঃপ্রকাশ।
উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গল্পকার সেলিম মোর্শেদ, প্রাবন্ধিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী এবং গল্পকার পারভেজ হোসেন। অনুষ্ঠানে বক্তারা লেখকের সাহিত্যিক অবদান ও তাঁর দৃঢ় মানসিক শক্তির প্রশংসা করেন। বইটির প্রচ্ছদ উন্মোচনের মধ্য দিয়ে এর প্রকাশনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।






































