খেলা ডেস্ক: আসন্ন সিরিজকে সামনে রেখে কঠোর প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তীব্র গরম উপেক্ষা করে নেটে ঘাম ঝরাচ্ছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় দলে আত্মতুষ্টির সুযোগ থাকতে পারে বলে মনে করেন তিনি। তবে এই ধরনের মানসিকতাকে প্রশ্রয় না দিয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই গতি তারকা।
জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে রাবাদা জানান, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রতিপক্ষকেই অবমূল্যায়ন করা চলে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খেলার ধরন দেখে মনে হচ্ছে তারা বেশ চাঙা রয়েছে। দক্ষিণ আফ্রিকাতে এসে টাইগাররা নিজেদের প্রমাণ করতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি। তাই এই সিরিজটি বেশ রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন রাবাদা।
খেলোয়াড়দের সহজাত প্রবৃত্তি অনুযায়ী কখনো কখনো একটু আলস্য বা শিথিলতা চলে আসতে পারে বলে স্বীকার করেন রাবাদা। তবে ক্রীড়াবিদ হিসেবে সেই চ্যালেঞ্জ জয় করে মানদণ্ড একদম উঁচুতে রাখতে চান তারা। ফলাফল নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা এবং মরিয়া ভাব বজায় রাখার ওপর জোর দিয়েছেন এই পেসার।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের বর্তমান অবস্থা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না রাবাদা। প্রতিপক্ষ কী করছে তা বিশ্লেষণ করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী মাঠে ঝাঁপিয়ে পড়াই তাদের মূল লক্ষ্য। দীর্ঘ দিন ধরে দল যেভাবে খেলে আসছে, সেই ধারা অব্যাহত রেখেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।


































