শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার খুলনা বিভাগীয় পর্বে তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একটি দল। এ ছাড়া বিভাগীয় পর্যায় থেকে জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত ৩০টি দলের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল স্থান পেয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা তিন দলের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি দল এবং তৃতীয় স্থান অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দলটি।
তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্ষণ কর্মকার প্রান্ত, মো. জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদীন হৃদয়।
ইবি শিক্ষার্থীদের দলগুলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের পরিচালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৩০টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিনিধিদলের একজন শিক্ষার্থী জাকারিয়া বাপ্পি বলেন, ‘গবেষণাটির মূল লক্ষ্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় মাইক্রোবিয়াল ফুয়েল সেল (MFC)-ভিত্তিক একটি টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির সম্ভাবনা অনুসন্ধান করা। আমাদের তৃতীয় স্থান অর্জনের এ সাফল্য টিমের জন্য গর্বের। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও বড় সাফল্য অর্জন করতে চাই।’
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সার্বিক উৎসাহ, সহযোগিতা ও অনুপ্রেরণায় শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করেছেন। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন।




































